প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং
||
প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
||
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার
মীরসরাইয়ে হাসপাতালে ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার ৭ নারী
নিজস্ব সংবাদদাতা ::::
চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে ভিড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছিলেন। এ সময় রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সুযোগে চিকিৎসাসেবা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তাঁরা। চেইনগুলোর মোট ওজন ছিল আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মীরপুর ইউনিয়নের আমিনা খাতুন (৩৬)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© স্বত্বাধিকারঃ সংবাদ বিডি