মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: “সহজে চাইনিজ শিখুন, নিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে প্রথমবারের মতো ‘চাইনিজ হাতেখড়ি’ নামে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করেছে জিনিয়াস কোচিং সেন্টার।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মীরসরাই পৌরসদরের মোজাম্মেল টাওয়ারের ৩য় তলায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্লাসের শুরুতে কোর্সের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষক জামান বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৯০টিরও বেশি কারখানা উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৬০টিরও বেশি চীনা মালিকানাধীন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বিপুলসংখ্যক চীনা নাগরিক সেখানে কর্মরত থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে স্থানীয় শিক্ষিত বেকার তরুণরা সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না।
তিনি আরও বলেন, চাইনিজ ভাষায় দক্ষতা অর্জন করলে সহজেই অর্থনৈতিক অঞ্চলে দোভাষীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ তৈরি হবে। যেখানে সাধারণ একজন কর্মচারীর বেতন প্রায় ১০ হাজার টাকা, সেখানে একজন দক্ষ দোভাষীর মাসিক বেতন ৩০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।
জামান জানান, কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, “এখানে যারা চাইনিজ ভাষা শিখতে আসবে, তারা শুধু একটি ভাষাই শিখবে না, বরং নিজেদের ভবিষ্যৎ গড়ার একটি শক্ত ভিত্তিও তৈরি করবে।”
প্রধান প্রশিক্ষক জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাইনিজ ভাষার প্রশিক্ষক ও দোভাষী আরাফাত হোসেন, চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী আকিব হোসাইন, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মীরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।