মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে চট্টগ্রামের মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে 'জুলাই সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা জিরো পয়েন্টে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাঈন উদ্দীন রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুর করিম, মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের তরুণ ও ছাত্রসমাজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তা রক্ষায় সুস্থ সংস্কৃতির চর্চা অপরিহার্য। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হওয়া এই বাংলাদেশে তরুণদের মেধা ও মননের বিকাশে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে
আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে বিপ্লব ও দেশাত্মবোধক গান এবং নাটিকার মাধ্যমে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গভীর রাত পর্যন্ত দর্শক শ্রোতারা পরম আগ্রহে এই পরিবেশনা উপভোগ করেন।