চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হককে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। একই সাথে আদালত তাকে ২০ লাখ টাকা জরিমানা করার রায় দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শহরের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট থানা ও আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল হকের বিরুদ্ধে পাওনা টাকা ও চেক অকার্যকর (চেক ডিজঅনার) সংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন ধরে চলছিল। আইনি শুনানি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত তার বিরুদ্ধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে আসামি আব্দুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।