মান্দায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি
নওগাঁ প্রতিনিধি:খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর মান্দায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী ও শিক্ষককে এসব চারা দেওয়া হয়।
রোববার দুপুরে উপজেলার মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সংস্থা গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এ কর্মসূচি বাস্তবায়ন করে।
দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এস. এম. আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বরেন্দ্র অঞ্চলে ক্রমেই প্রকট হচ্ছে। তীব্র খরা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। এ সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে এখন থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। প্রত্যেকে যদি অন্তত পাঁচটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।’
সভাপতির বক্তব্যে আশরাফুন নাহার জানান, গত ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সাত হাজার ৪২০টি চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২২ জুন খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৫৫টি, ২৩ জুন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১৩০টি, ২৫ জুন সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২ হাজার ৬২৫টি এবং ২৮ জুন মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২ হাজার ১১০টি চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল নিম, সফেদা, অর্জুন, মিষ্টি আমড়া ও জলপাই। প্রত্যেক সুবিধাভোগীকে পাঁচটি প্রজাতির একটি করে মোট পাঁচটি চারা দেওয়া হয়েছে। পাশাপাশি, যারা এসব চারা পরিচর্যা করে গাছে পরিণত করবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের পাশাপাশি পুকুর ও খাল পুনঃখনন, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রম, কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ এবং গ্রামীণ নারীদের বসতবাড়িভিত্তিক সবজি চাষে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথি,সংস্থার নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একটি করে চারা রোপণ করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চারা বিতরণ করা হয়।
এ সময় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক ফিরোজ আল মামুন, জোনাল ম্যানেজার হারুন অর রশীদ, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ ইমতিয়াজ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।