সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া ৭ নম্বর ওয়ার্ডে গত ২৬ জুন অনুষ্ঠিত মাদকবিরোধী মানববন্ধনে তাকে জড়িয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, তিনি কোনোভাবেই মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত কোনো মামলাও নেই। রাজনৈতিক মতপার্থক্য ও পারিবারিক বিরোধের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধনের বক্তব্যে জড়ানো হয়েছে। পরবর্তীতে ওই বক্তব্য একটি অনলাইন ভিডিও নিউজে প্রচার হওয়ায় তার ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তিনি সবসময় মাদকবিরোধী কার্যক্রমকে সমর্থন করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে গৃহীত সব ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান। তবে ব্যক্তিগত বা পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত করে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলমদার বলেন, ভুল বোঝাবুঝির কারণে ওই বক্তব্য প্রদান করা হয়েছিল। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিবাদলিপিতে মোহাম্মদ সেলিম উদ্দিন সংশ্লিষ্ট সকলের প্রতি কোনো ব্যক্তি সম্পর্কে বক্তব্য বা সংবাদ প্রচারের আগে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।