নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে জানাজার নামাজ পড়ার সুযোগে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাজহারুল ইসলাম জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া এলাকার মো. সবুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান চকপাড়া (চানগাঁও শাহপুর) গ্রামের শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি তাঁর ব্যবহৃত কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি কবরস্থানের পাশে রেখে জানাজায় অংশ নেন। জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও সেটি না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর মদন থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর মদন থানার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে মাজহারুল ইসলাম জয়কে শনাক্ত করে। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোডের একটি চায়ের দোকানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে বাদী মোটরসাইকেলটি শনাক্ত করেন। পুলিশ সেটি জব্দ করে।
ওসি সালাহউদ্দিন করিম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পরিহিত পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। তাঁর প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার একটি দোকানের পাশ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চুরির সঙ্গে জয়সহ একটি চক্র জড়িত। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।