প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, কল্যাণ ও সাংবাদিকদের পেশাগত সহযোগিতা নিয়ে মতবিনিময় যুনাইদ নোমানী, মাদ্রিদ, স্পেন (০৩ নভেম্বর ২০২৬) :: স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে সাক্ষাৎকালে স্পেনপ্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, প্রবাসীদের কল্যাণ, কমিউনিটির বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দূতাবাসের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। প্রবাসীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি দূতাবাস ও সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম আলম, সাংগঠনিক সম্পাদক তাওফিকুর রহমান, দপ্তর সম্পাদক যুনাইদ নোমানী এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক হাসানুর রহমান।
মন্তব্য করুন