যুনাইদ নোমানী, মাদ্রিদ-স্পেন (২৬ অক্টোবর ২০২৬) :: :: স্পেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব আরও জোরদার করতে আজ (সোমবার ২৬ অক্টোবর) স্পেনের সেভিয়া শহরে শুরু হচ্ছে “স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SBCCI) এই আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস। সেভিয়ার হোটেল সেভিয়া সেন্টারে (Avenida de la Buhaira 24) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক্সপো চলবে। এতে বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্টল থাকবে। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি B2B বৈঠকেরও ব্যবস্থা রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দিনের শুরুতে সকাল ৯টায় তিনি সেভিয়া প্রাদেশিক পরিষদে (Diputación de Sevilla) যাবেন এবং পরিষদের প্রেসিডেন্ট হাভিয়ের ফার্নান্দেজ দে লোস রিওস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল ১০টায় উদ্বোধন ও স্টল পরিদর্শন হবে। দুপুর ১২টায় হবে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, এনডিসি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) মো. মোশারফ হোসেন; এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব শামীমা ইয়াসমিন স্মৃতি। স্পেনের পক্ষ থেকে উপস্থিত থাকবেন: সেভিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো হেরেরো লেওন আন্দালুসিয়া সরকারের কর্মসংস্থান, ব্যবসা ও স্বনিয়োজন মন্ত্রী রোসিও ব্লাঙ্কো এগুরেন আন্দালুসিয়ার ক্রীড়ামন্ত্রী প্যাট্রিসিয়া দেল পোসো কাউন্সিল অব ইউরোপের ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর আন্তোনিও গুতিয়েরেস লিমোনেস সেভিয়া সিটি কাউন্সিলের দ্বিতীয় ডেপুটি মেয়র আলভারো পিমেন্তেল সিলেস সেভিয়া নিয়োগকর্তা কনফেডারেশনের (CES) প্রেসিডেন্ট মিগেল রুস ইউরোপিয়ান ফুটওয়্যার কনফেডারেশনের প্রেসিডেন্ট রোসানা পেরেন বাসান আন্দালুসিয়া সরকারের উদ্ভাবন ও পররাষ্ট্রবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের শিল্পখাতের প্রতিনিধিত্ব করবেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আয়োজকদের পক্ষে থাকবেন SBCCI সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান এবং মহাসচিব আশিক এলাহী চৌধুরী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সনদ দেওয়া হবে এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। দুপুরের মধ্যাহ্নভোজের পর বিকেল আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী ও B2B বৈঠক চলবে। এক্সপোর ধারাবাহিকতায় ২৭ অক্টোবর প্রতিনিধিদল আন্দালুসিয়ান পার্লামেন্ট ও সেভিয়া চেম্বার অব কমার্স পরিদর্শন করবে। এরপর তারা মালাগায় যাবে। ২৮ অক্টোবর মালাগা চেম্বার অব কমার্সে B2B বৈঠক অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এই এক্সপো তৈরি পোশাক, চামড়া ও পাদুকাসহ বিভিন্ন খাতে স্পেন–বাংলাদেশ বাণিজ্যের নতুন দ্বার খুলে দেবে। একই সঙ্গে এটি আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
মন্তব্য করুন